আশা জাগালেন দুলাল

আপডেট : ২৯ মে ২০১৫, ০২:৩৩

নিজেদের গলফ কোর্সে বাংলাদেশের গলফাররা উদ্বোধনী দিনে হতাশ করলেও গতকাল বৃহস্পতিবার দুলাল হোসেন ক্রীড়ামোদীদের অবাক করে দিয়ে বিদেশিদের সাথে চ্যালেঞ্জে নামলেন।

 
বসুন্ধরা বাংলাদেশ ওপেনে মূলত দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনকে ঘিরেই ছিলো যা কিছু প্রত্যাশা। প্রথম দুই রাউন্ডের খেলায় তারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। শুধু তাই নয় স্বাগতিক ৩১ জন গলফারের মধ্যে টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ড শেষে মাত্র সাতজন প্রতিযোগী টিকে রয়েছেন। এদের মধ্যে কেবল দুলাল হোসেনই শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন।
 
সিঙ্গাপুরের মারদান মামাত অবশ্য এদিনও তিন লাখ ডলার প্রাইজমানির এ আসরে পারের চেয়ে নয় শট কম নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। তার চেয়ে এক শট কম নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন স্পেনের কার্লোস পিজেম।
 
দুলাল হোসেন প্রথম রাউন্ডে না পারলেও দ্বিতীয় রাউন্ডে কাল অবিস্মরণীয় নৈপুণ্য দেখান । ফলে ৫০তম স্থান থেকে কালকের নৈপুণ্য  তাকে নিয়ে আসে চারে। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম (১৩৬ শট) খেলে বিদেশিদের সাথে লড়াইয়ে সামিল হলেন তিনি। দুলালের আন্ডার পার এইট পারফরমেন্সই দ্বিতীয় রাউন্ডের সেরা।
 
দুলাল হোসেন এই পারফরম্যান্সকে যে কোনো রাউন্ডে নিজের ক্যারিয়ার সেরা পারফরমেন্স বলে জানান। দুই বছর আগে পেশাদার গলফে নাম  লেখানো দুলাল বলেন, ‘পারের চেয়ে সাত শট কমই ছিলো যে কোনো প্রতিযোগিতায় আমার আগের সেরা সাফল্য। আন্ডার পার এইট আমার ক্যারিয়ার সেরা।’
 
দ্বিতীয় রাউন্ডে সাফল্যের দেখা পেলেও এ জন্য তাকে নিদারুণ কষ্ট করতে হয়েছে কাল। ২০১০ সালে এস,এ গেমসে স্বর্ণপদক জয়ী গলফারটি এ প্রসঙ্গে বলেন,‘আমার খুব কষ্ট হচ্ছে। কারণ আগের দিন বৃষ্টির কারণে প্রথম রাউন্ডের ১৮ হোলের মধ্যে ছয়টির খেলাই বাকি ছিলো আমার। সে সব শেষ করতে আমাকে ভোর সাড়ে পাঁচটায় কুর্মিটোলা গলফ কোর্সে আসতে হয়েছে। আগের ছয় হোলের খেলা শেষ করে ৮টা ৪০ মিনিট থেকে আবার দ্বিতীয় রাউন্ডের খেলায় নামতে হয়েছে।’
 
মাত্র ২৫ বছর বয়সী এ গলফার দ্বিতীয় রাউন্ডে আটটি বার্ডি, একটি ঈগল ও এক বগির সম্মিলনে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও দিনের প্রথম ছয় হোল খেলতে পারের চেয়ে দুই শট বেশি নেন। এ নৈপুণ্যে নিজের পাশাপাশি এখনো সতীর্থদের শিরোপা জয়ের সম্ভাবনা আছে বলে মত দেন দুলাল। তিনি বলেন, ‘ভালো করার আত্মবিশ্বাস ছিলো আমার। তবে সিদ্দিকুর, জামাল, সজীবসহ যারা এখানে খেলছেন, তারাও যে কোনো সময়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখেন। আমি আজ সেটা করে দেখাতে পেরেছি। তবে আরো দুই রাউন্ড আছে সেখানে ভালো করতে হবে।’
 

দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি নিয়েছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি  নিয়ে যৌথভাবে ৪৪তম স্থানে রয়েছেন তিনি। উদীয়মান গলফার সজীব আলী দুই রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি নিয়ে যৌথভাবে ৩৪তম স্থানে থাকলেও প্রতিযোগিতা থেকে ঝরে পড়েছেন জামাল হোসেন।