সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় ছোরমান আলী (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজুগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ছোরমান আলী উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা।
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে একটি ব্যাটারী চালিত ভ্যানে করে ছোরমান আলী তার স্ত্রীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ভ্যানটি আজুগড়া এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জ থেকে আসা ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছোরমান মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
ওসি আরো জানান, এ ঘটনায় এনায়েতপুর হাট এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
