অভিবাসী সঙ্কট: একক দায় নিতে অস্বীকার মিয়ানমারের

আপডেট : ২৯ মে ২০১৫, ১৫:৫৩
 
এশিয়ার অভিবাসী সঙ্কটের বিষয়ে একক দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসন সমস্যা নিয়ে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সম্মেলনে এই অস্বীকৃতি জানিয়েছে দেশটি।
 
মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিটিন লিন বলেন, তার দেশ মানবপাচার রোধে সবার সঙ্গে কাজ করবে। তবে এজন্য শুধুমাত্র মায়ানমারকে দোষ দেয়া যাবে না।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধিরা বলেছেন, অভিবাসী সমস্যা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত রয়েছেন।
 
বাংলাদেশ ও মিয়ানমার থেকে হাজার হাজার মানুষ নৌকাযোগে থাইল্যান্ড, মালয়েশিয়া  ও ইন্দোনেশিয়ার উদ্দেশে পাড়ি জমায়।
 
জাতিসংঘ বলছে, এখনো দুই হাজার ৬০০ জনের মতো মানুষ সাগরে অবস্থান করছে। সূত্র: বিবিসি।