ন্যাশনাল ব্যাংকের কাজে অসন্তুষ্ট মেয়র

আপডেট : ২৯ মে ২০১৫, ১৬:৫৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে নির্মণাধীন কাজের অগ্রগতি দেখতে যান। সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন বহুতল ভবনের পাশের সড়কে ধসের পর পুরো এলাকা ঝুঁকিমুক্ত করতে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ সহযোগিতা করছে না বলে তিনি অভিযোগ করেন। ।
 
ঘটনাস্থলে এসে কাজের অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই জমির মালিক হলো ন্যাশকাল ব্যাংক। আমরা এক্সপেক্ট করি মালিকপক্ষ সরেজমিনে আসবে। মালিকপক্ষের কেউ আমার সঙ্গে এক মিনিটের বেশি কথা বলেননি।
 
সিটি করপোরেশনের পক্ষ থেকে ‘লক্ষ লক্ষ ফুট’ বালি আনা হলেও ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বা তাদের ভবন নির্মাণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বালি ফেলার কাজে আশানুরূপ সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেন মেয়র।
 
এদিকে সকালে ন্যাশনাল ব্যাংক নির্মাণাধীন টুইন টাওয়ারের পাইলিং এলাকার উত্তর-পূর্ব অংশে আবারও একটি অংশ ধসে পড়ে। ওই অংশে আগের রাতেও এক দফা ধস নামে। 
 
এর আগে বুধবার সকালে বৃষ্টির মধ্যে বীর উত্তম সি আর দত্ত সড়ক লাগোয়া হোটেল সুন্দরবন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্মাণাধীন টুইন টাওয়ারের মাঝের ১৫ ফুট প্রশস্ত সড়কটি ধসে পাশের পাইলিংয়ের গর্তে চলে যায়।