শিবনারায়ণ চন্দরপলকে ব্যাটিং গ্রেট ভারতীয় শচিন টেন্ডুলকারের মতো স্মরণীয় বিদায় জানানো উচিত বলে মন্তব্য করেছেন ক্যারিবিয় ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ১২ সদস্যের অনুশীলন স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সেই স্কোয়াডে অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপলকে না রাখায় এমন মন্তব্য করেন লারা। সেই সাথে এই সিরিজে দলে জায়গা না পাওয়ায় অনেকের মতো লারাও মনে করছেন তার ক্যারিয়ার শেষ। তবে চন্দরপলকে বোর্ডের জাঁকজমকপূর্ণভাবে বিদায় জানানো উচিত বলে জানান লারা, ‘চন্দরপলের কাছে ঋণী ডব্লিউআইসিবি ও ক্যারিবীয়রা। তার বিদায়টা আরও ভালোভাবে করা উচিত।’
১৯৯৬ সালে টেস্ট অভিষেক ঘটে চন্দরপলের। এরপর থেকেই নিজের জাত চেনাতেই ব্যতিব্যস্ত হয়ে পড়েন তিনি। খুব দ্রুতই দলের মধ্যে আস্থা তৈরিও করে ফেলেন চন্দরপল। লারা থাকাকালীন ও বিদায়ের পরও দলের একমাত্র ভরসার নাম ছিলো চন্দরপল। দলের ইনিংসকে বড় সংগ্রহে নিয়ে যেতে গেলো ২১ বছর ব্যাট হাতে রানের ফুলঝড়ি ফুটিয়েছেন তিনি। ক্যারিবীয় খেলোয়াড়দের মধ্যে টেস্ট ক্রিকেটে রান সংগ্রহের দিক দিয়ে টেস্টে বর্তমানে লারার পরই তার অবস্থান। লারার সাথে চন্দরপলের রানের ব্যবধান ৪৫। তাই অনেকেই ভেবেছিলেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন চন্দরপল।
বাসস
