তৃতীয় রাউন্ড শেষে দুলাল সপ্তম, সিদ্দিকুর ৬৪তম

আপডেট : ২৯ মে ২০১৫, ২০:৪৩
 
 
 বসুন্ধরা গলফ ওপেনের তৃতীয় রাউন্ড শেষে ভালো অবস্থায় নেই বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে সিদ্দিকুরের অবস্থান ৬৪তম। তবে বাংলাদেশের আরেক গলফার দুলাল হোসেন রয়েছেন সপ্তম স্থানে। কিন্তু এরই মধ্যে শিরোপার বেশ কাছে পৌঁছে গেছেন সিঙ্গাপুরের মরদান মামাত। পারের চেয়ে ১২ শট কম নিয়ে শিরোপার কাছাকাছি রয়েছেন মামাত। 
 
কুর্মিটোলা গলফে ব্যাক নাইনের শেষ হোলে বার্ডি করে আন্ডার পার থ্রিতে (৬৮ শট) তৃতীয় রাউন্ড শেষ করেন ৪৭ বয়সী মামাত। আগের দুই রাউন্ডে যথাক্রমে ৬৬ ও ৬৭ শট খেলা মামাত এশিয়ান ট্যুরে চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছেন। 
 
তৃতীয় রাউন্ডে আরও দু’জন সেরা পারফর্ম করেছেন। এদের মধ্যে ভারতের খালিন জোশী ও দক্ষিণ কোরিয়ার লি সুমিন। দু’জনেই পারের চেয়ে ছ’শট কম খেলেছেন। তিন রাউন্ডে সবমিলিয়ে যথাক্রমে ২০৪ ও ২০৫ শট নিয়ে লিডার বোর্ডে দ্বিতীয় ও তৃতীয়স্থানে থেকে এশিয়ান ট্যুরে প্রথম শিরোপা লক্ষ্যে থাকা জোশী ও সুমিন। 
 
তবে তৃতীয় রাউন্ডেও ভাল পারফর্ম করতে পারেননি স্বাগতিক তারকা গলফার সিদ্দিকুর। ৭৫ শট নিয়ে সবমিলিয়ে পারের চেয়ে ছয় শট বেশি নিয়ে (২১৯শট) যৌথভাবে ৬৪তম স্থানে রয়েছেন। আগের দিন নজরকাড়া পারফরমেন্স দেখানো দুলাল হোসেন তৃতীয় রাউন্ডে পারের চেয়ে একশট বেশি নিলেও (৭২ শট) শিরোপা প্রতিদ্বন্দ্বিতায় এখনো টিকে রয়েছেন। সবমিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম নিয়ে (২০৮ শট) তিনজনের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন তিনি।