নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বর্ষা মৌসুমে দুটি ঈদ পড়ায় নৌপথে যাত্রী পারাপার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার।
তিনি বলেন, ‘মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলদিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী লঞ্চে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী তোলা হবে। অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেলে ফেরিতে তাদের পারাপার করা হবে। যাতে লঞ্চের ঘাটতি পোষানো যায়।’
শুক্রবার সকালে মাদারীপুর লেকের সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌ পরিবহন মন্ত্রী এ কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, ‘সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো চলাচল করে সে ক্ষেত্রেও ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী তোলা হবে। বিআইডব্লিউটিসির এমভি বাঙ্গালি জাহাজটি কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে এবারের ঈদে নিয়ে আসা হবে। এ ছাড়াও আরো একটি বড় জাহাজ নিয়ে আসা হবে। যাতে করে দুটি ঈদেই নৌপথে যাত্রীদের উন্নতমানের সেবা দেয়া যায়।’
