ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আইনি হেফাজতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ মে সালাহ উদ্দিনকে উন্নত চিকিতসার জন্য তৃতীয় কোন দেশে (সিঙ্গাপুর) নেয়ার জন্য জামিন চেয়ে মিসেস হাসিনা আহমদের করা আবেদনের প্রেক্ষিতে শুক্রবার এই শুনানি করলো স্থানীয় জেলা আদালত।
হাসিনা আহমদ শিলং থেকে জানান,জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য রেখেছে আদালত।
এর আগে, শিলংয়ের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম লিংদো নঙব্রি গত বুধবার সালাহ উদ্দিনকে দুই সপ্তাহের জন্য আইনি হেফাজত হিসাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই সপ্তাহ পর শুনানির জন্য তাকে আবার আদালতে হাজির করতে বলা হয়। তদন্তকারী কর্মকর্তাকে তার শুশ্রূষার নির্দেশ দেয় আদালত।
এরপর কারাগারে পাঠানোর ছয় ঘণ্টার মাথায় অসুস্থ বোধ করায় দ্বিতীয় দফায় ভারতের শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয় সালাহ উদ্দিন আহমদকে।
নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নেগ্রিমসের পরিচালক এ জে আহনগার জানান,বুকের ব্যথার পাশাপাশি ডায়রিয়ায় ভুগছেন সালাহ উদ্দিন আহমদ। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তাঁর জন্য গঠিত চিকিত্সকদের বোর্ড তাকে হাসপাতালে রাখতে চাইছে।
এদিকে ভারতীয় পত্রিকার খবরে বলা হয়েছে,ইস্ট খাসি হিলস জেলা পুলিশ সুপার এম খারক্রাঙ সংবাদিকদের বলেন, আমরা সালঅহ উদ্দিনের জেরা শেষ করেছি। আশা করছি দ্রুত চার্জশিট জমা দিতে পারবো। তবে জেরায় কি তথ্য পাওয়া গেছে তা জানাতে রাজি হননি পুলিশের এই কমকর্তা। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
