সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে নিহত ৫

আপডেট : ২৯ মে ২০১৫, ২১:১৮
 
 
 
বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান উল্টে দুইজনসহ বিভিন্ন স্থানে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
 
ফকিরহাটে পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত:
বাগেরহাটের ফকিরহাটে ভোর রাতে মাইক্রো বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে চালকসহ এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন। নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার নূর মোহাম্মদ মোল্লা (৩১) এবং মুরগি ব্যবসায়ী বোয়ালমারি উপজেলার সোলনা এলাকার ইব্রাহিম শেখ (২৭)।
 
সাঁথিয়ায় একজন নিহত:
পাবনার সাঁথিয়া পৌর সদরে দৌলতপুর ব্রিজের ওপর সকাল ৯টায় সড়ক দুর্ঘটনায় মুক্তি তারা (২৫) নামের এক ব্র্যাক কর্মী মারা গেছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় বাক-প্রতিবন্ধি বৃদ্ধ নিহত:
সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় ছোরমান আলী (৬৫) নামের এক বাক-প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ অভিযান চালিয়ে বাসটি আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
 
মুক্তাগাছায় ডাক্তার নিহত:
ময়মনসিংহের মুক্তাগাছায় দুপুরে ট্রাক ও সিএনজি-চালিত অটো রিকশা সংঘর্ষে জাহাঙ্গীর কবীর হিমেল (৪০) নামের একজন চিকিত্সক নিহত ছাড়াও চারজন আহত হয়েছেন। আহতদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিএনজি-চালিত অটো রিকশা আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।