‘মোদির সঙ্গে খালেদা জিয়ার নিশ্চয়ই বৈঠক হবে’

আপডেট : ২৯ মে ২০১৫, ২১:৪৭
 
 
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাত্ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘মোদির সঙ্গে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার নিশ্চয়ই বৈঠক হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে মোদিকে তিস্তাসহ বিভিন্ন নদীর সমস্যা, টিপাইমুখ বাঁধ সমস্যা, নদীতে বাঁধ-সংক্রান্ত সমস্যা, সীমান্ত হত্যার সমস্যা সমাধানের ঘোষণা দিয়ে যেতে হবে।’
 
জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শুক্রবার বিকালে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি সুলতানা রাজিয়া শাওনের সভাপতিত্বে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
 
মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত কিনা—জানতে চাইলে অনুষ্ঠান শেষে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আপনারা সাংবাদিক, নিশ্চয়ই জানবেন।’
 
মাহবুবুর রহমান বলন, ‘অন্যান্য সরকার যেখানে ভারত-বাংলাদেশের সীমান্ত সমস্যার সমাধান করতে পারেনি, তখন নরেন্দ্র মোদি সমাধান করেছেন। তিনি বাংলাদেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই।’