আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপি এখন ভারতবিরোধিতা নীতি পরিহার করেছে।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ভারতবিরোধিতা করেই বিএনপির জন্ম হয়। এ বিএনপিই বলেছিল, মুজিব-ইন্দ্রিরা গোলামীর চুক্তি। অথচ তারাই আজ এ চুক্তি বাস্তবায়নে ভারতকে স্বাগত জানায়।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
