আজ ৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। এই দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ ব্যাপক কর্মসূচি নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন।
কর্মসূচি : মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে একই কর্মসূচি পালন করা হবে। বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগর জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজারে কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন খালেদা জিয়া। বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে ড্যাব এর উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে। বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগরী বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া।
