মুস্তফা কামালকে চিঠি দিয়ে ডালমিয়ার ধন্যবাদ

আপডেট : ৩০ মে ২০১৫, ০১:১২

আইসিসি সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেও আ হ ম মুস্তফা কামাল যে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি তার প্রমাণ মিলেছে ভারতের আইপিএল ফাইনালে। এই সময় কোলকাতায় গিয়েছিলেন তিনি খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব নেতাদের নিয়ে কোলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকেও অংশ নিয়েছেন কামাল।

 
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া শুধু কামালকে আমন্ত্রণ জানিয়ে চুপ থাকেননি। আইপিএলের ওই ফাইনালের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্যাডে বাংলাদেশের এই মন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ডালমিয়া।
 
গতকাল কামালের হাতে আসা ওই চিঠিতে ডালমিয়া লিখেছেন, ‘সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল খেলা দেখতে আসায় আমরা সত্যি আনন্দিত। আপনার উপস্থিতি নিশ্চিতভাবেই ফাইনালটিকে আরো উজ্জ্বল করেছে। অত্যন্ত ব্যস্ত সফরসূচির মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আশা করছি, ভবিষ্যতে আমাদের আরও এ রকম দেখা হবে।’
 
উল্লেখ করা যেতে পারে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে আম্পায়ারিং, প্রযুক্তির ব্যবহারে দুর্বলতা নিয়ে কথা বলায় আইসিসির তত্কালীন সভাপতি শ্রীনিবাসনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় কামালের। সভাপতিকে বাদ দিয়ে গঠনতন্ত্র অমান্য করে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেন শ্রীনিবাসন। এর জের ধরে পদত্যাগ করেন কামাল। 
 
কোলকাতা থেকে ঢাকায় এসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কামাল বললেন, পুরো ঘটনায় ভারতের বিপক্ষে তার কোনো অবস্থান ছিলো না। তিনি ব্যক্তি শ্রীনিবাসনকে নিয়েই আপত্তি করেছেন, ‘ভারতের ক্রিকেটের অবকাঠামো নিয়ে বলিনি, তাদের কোন ক্রিকেট খেলোয়াড় সম্পর্কেও বলিনি। আমি মন্তব্য করেছি একটি মানুষ সম্পর্কে। তিনি ভারতের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত না। তিনি আইসিসির চেয়ারম্যান।’
 

সাবেক এই আইসিসি, এসিসি ও বিসিবি সভাপতির কথার সত্যতা মেলে তাকে ভারতীয় বোর্ড আইপিএল ফাইনালে আমন্ত্রণ জানানোয়। গত ২৪ মে আইপিএলের ফাইনাল দেখতে কোলকাতায় গেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উষ্ণ সংবর্ধনা  দেন।