আবার ফিরে এলো মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত জনপ্রিয় ‘জয় বাংলা কনসার্ট’। আসছে ৭ মার্চ পঞ্চমবারের মত কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা।
১ মার্চ থেকে শুরু হচ্ছে তরুণদের কাছে জনপ্রিয় এই কনসার্টের অনলাইন রেজিস্ট্রেশন। প্রতিবারের মত এবারো স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ৮ ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে।
সিআরআই-এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, এবারের কনসার্টে থাকছে বে অব বেঙ্গল, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন।
২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ইয়াং বাংলা আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট। শুধু তরুণরা নয়, দেশের সকল স্তরের মানুষের কাছেই কনসার্টটি সমাদৃত। গত আসরে এই কনসার্ট টেলিভিশন এবং অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক। আমরা আশা করছি এবার টেলিভিশন এবং অনলাইনে গতবারের থেকেও বেশি দর্শক উপভোগ করবেন কনসার্টটি।
বিগত বছরগুলোর মতো এবারো অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কনসার্টে প্রবেশ টিকেট সংগ্রহ করতে হবে। আগামী ১ মার্চ থেকে ইয়াং বাংলার অফিসিয়াল ওয়েব সাইটে নিবন্ধন করা যাবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আরও পড়ুনঃ দেবিদ্বারে শতাধিক মাদক কারবারী আটক
২০১৪ সালে ইয়াং বাংলা আত্মপ্রকাশের পর ২০১৫ সালে প্রথম শুরু হয় জয় বাংলা কনসার্ট। এরপর থেকে প্রতি বছর দেশের তরুণ প্রজন্ম উন্মুখ হয়ে থাকে এই কনসার্টের জন্য।
ইত্তেফাক/নূহু
