কমেছে পাসের হার ও জিপিএ-৫

আপডেট : ৩০ মে ২০১৫, ১২:৩৮
 
গত বছরের চেয়ে এবার শতকরা ৫.৬৩ ভাগ শিক্ষার্থী কম পাস করেছে। কমেছে জিপিএ-৫ও। এ বছর পাসের হার শতকরা ৮৭.০৪ ভাগ। গতবার যা ছিল ৯২.৬৭ ভাগ।
 
শনিবার সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রতিকূল অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে এ ফলাফল করেছে। ভালো পরিবেশ পেলে পাসের হার আরো বাড়তে পারত।’
 
২০১৪ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭ শতাংশ। এর আগে ২০১৩ সালের ফলাফলও এ বছরের চেয়ে ভালো ছিল। সে বছর ৮৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। গতবারের তুলনায় কমেছে জিপিএ-৫ও। ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২২ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। ২০১৫ সালে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন।