গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ: মওদুদ

আপডেট : ৩০ মে ২০১৫, ১৭:০০
 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এই মুহূর্তে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে—জিয়াউর রহমানের আদর্শে দলকে পুনর্গঠিত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।’ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।
মওদুদ আহমদ বলেন, ‘দেশ আজ গণতন্ত্রের সংকটে। এই সংকট দূর করতে দলকে পুনর্গঠন করে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। পুনর্গঠন করলেই হবে না, বিএনপির রাজনীতিকেও পরিচ্ছন্ন করতে হবে। জিয়াউর রহমানের আদর্শে দলকে পুনর্গঠন করতে হবে।’
মওদুদ বলেন, ‘এগুলো করতে পারলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং একটি জাতীয় ঐক্য গঠিত হবে। তাহলেই আমরা প্রগতিশীল ও উন্নত রাষ্ট্র গঠন করতে পারব।’
বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্রের কথা বলে গেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া, তিনি বলে গেছেন—বিএনপি চরম ডানপন্থী দল হবে না। এটা হবে মধ্যমপন্থী উদার গণতান্ত্রিক, প্রগতিশীল একটি দল। এটা আমাদের মনে রাখতে হবে।’
মওদুদ আরো বলেন, ‘আজকে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যু বার্ষিকী। এই দিনে চট্টগামে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, যা তার জানাজায় আমরা লক্ষ্য করেছি।’

মওদুদ আহমদ বলেন, ‘জিয়াউর রহমান নিজ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। ক্ষমতাসীন হওয়ার পর সংস্কার করেছেন। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।’