এবার এসএসসিতে সেরা হয়েছে ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। গত বছরের দেশসেরা রাজউকের অবস্থান এবার দ্বিতীয়। তৃতীয় অবস্থানে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার আট শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানটি। এসএসসি পরীক্ষায় সাফল্যের দিক থেকে ঢাকা বোর্ডে এই বিদ্যালয়টি এবার প্রথম স্থান অর্জন করেছে। তবে ২০১৪ সালে সম্মিলিত মেধা তালিকায় শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান ছিলে নবম। এবার সেটা আট ধাপ এগিয়ে সবার সেরা হয়েছে।
এ বছর শামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে ৭৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৪০ জন সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের সাফল্য অর্জনকারী এ স্কুলটির এর আগের সর্বোচ্চ সফলতা ছিল ২০১২ সালের এসএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করা।
শামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান বলেন, প্রথমবারের মতো আমরা প্রথম হয়েছি। নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করার কারণেই ফলাফল ভালো হয়েছে।
তিনি জানান, ভালো ফলাফল করতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিকে দুর্বলতা কাটাতে বেশি পরীক্ষার ব্যবস্থা করা হয়। স্কুলে সিলেবাস তৈরি করে সে অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করা হয়। মূল্যায়ন করা হয় শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি।
