ভারতের নামী শিক্ষা প্রতিষ্ঠানে একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা নিয়ে টুইটারে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি আর কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। এছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । পাল্টা টুইট করে রাহুলকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্মৃতি ইরানি।
গত ২২ মে আইআইটি মাদ্রাজের ছাত্র সংগঠন ‘অম্বেদকর পেরিয়ার স্টাডি সার্কেল’ (এপিএসসি)-কে নিষিদ্ধ ঘোষণা করেন ডিন অব স্টুডেন্টস শিবকুমার এম শ্রীনিবাসন। স্মৃতির মন্ত্রণালয়ের চিঠি পেয়েই ঐ সংগঠনকে নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। সংগঠনটির বিরুদ্ধে মোদী সরকারের নীতির সমালোচনা করে এক আলোচনা সভার আয়োজন করার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। রাহুল টুইটারে টুইট করেন, 'বাকস্বাধীনতা আমাদের অধিকার। সমালোচনা গুঁড়িয়ে দেওয়ার যে কোনও চেষ্টার বিরুদ্ধেই রুখে দাঁড়াব আমরা।' শনিবার কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই স্মৃতির দিল্লির বাড়ির সামনে বিক্ষোভ করে। এর পরেই রাহুলের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে স্মৃতি লেখেন, '‘আমায় শুধু সময় আর জায়গা বলে দিন। সরকার পরিচালনা বা শিক্ষা নিয়ে যে কোনও বিতর্কসভায় যেতে আমি রাজি।' এর আগেই অবশ্য গোটা ঘটনায় তার মন্ত্রণালয়ের কোনও হাত নেই বলে দাবি করেছিলেন স্মৃতি।
