আমের জাত বিস্তারে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০১৫, ১৮:০৪
 
 
 
 
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘নিদিষ্ট এলাকার মাটি উপযোগী আমের জাত বিস্তারে সহায়তা করবে সরকার।শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘স্বাস্থ্যসম্মত আম সংরক্ষণ ও বাজারজাতকরণ’ শীর্ষক এই সভার আয়োজক চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি।
 
কৃষিমন্ত্রী বলেন, ‘কেবল চাঁপাই নবাবগঞ্জের আম দিয়ে হবে না। একটা এল‍াকার আম দিয়ে পুরো বাংলাদেশের চাহিদা পূরণ হবে না। সে জন্য ১৬ কোটি মানুষের জন্য ১৬ কোটি আমগাছের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে।’
 
মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকে না বুঝেই ফরমালিন নিয়ে মতলববাজ প্রচারণা চালান। না জেনেই করা এই প্রচারের কাছে সবাই অসহায় থাকে।’ তিনি বলেন, ‘ফরমালিন নিয়ে এত বাড়াবাড়ি না হলেও পারত। নেতিবাচক এ প্রচারে ব্যবসায়ীদের বিপর্যয় হয়েছে।’
 
মতিয়া আরো বলেন, ‘আমাদের একটা দোষ আছে, চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াই—কানে হাত দিয়ে দেখি না। আর যারা অজ্ঞের মতো নেতিবাচক প্রচারণা চালিয়েছেন, তারা কি এখন এই দায় স্বীকার করবেন?’
 
সভায় চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ডা. ফা হ আনসারী, কৃষি সম্প্র্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ এ জেড এম মমতাজুল করিম, বারি চাঁপাই নবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম প্রমুখ।