কলাবাগানে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৭

আপডেট : ৩০ মে ২০১৫, ১৯:০৬
 
 
রাজধানীর কলাবাগান লেক সাকার্স এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হয়। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা।
 
দগ্ধরা হলেন—সুমন (৩০), রেশমা (২৫), বিথি (১৫), রাব্বি (১০), অয়ন (২০), রুবি (৪০) ও মমতা (৫০)। এরা সাবাই একই পরিবারের সদস্য। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। মোহাম্মদপুর ও পলাশী থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
গ্যাস লাইন বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওই বাসার দুটি কক্ষের টিনের চাল উড়ে গেছে ও ইটের দেয়াল ফেটে গেছে।
 

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান—দগ্ধদের ঢামেকে চিকিত্সা দেয়া হচ্ছে। তারা সবাই আশঙ্কামুক্ত।