রাজধানীতে পৃথক অভিযানে ১০ হাজার ৫২০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। শুক্রবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান, মো. মনির হোসেন মোল্লা, মো. ইব্রাহীম ভূঁইয়া ও মো. রাকিব।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি (পশ্চিম) শেখ নাজমুল আলম জানান—রাজধানীর রমনা এলাকায় এডিসি মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী, মনির ও ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। তারা কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে পাইকারি ও খুচরা হিসেবে বিক্রি করত। আটকদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে।
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান—রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ পুনম সিনেমা হলের বিপরীত পার্শ্বে মেসার্স আকাশ টিম্বার কমপ্লেক্স ডোর অ্যান্ড ফার্নিচারের সামনে এডিসি মোহাম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব নামে একজনকে গ্রেফতার করা হয়। ইয়াবা ট্যাবলেটগুলো একটি খালি ট্রাকের (ঢাকা-ট-১৮-৬৩৬৫) মধ্যে পাওয়া যায়। গ্রেফতার রাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
