মাদরাসা বোর্ডে পাসের হার বেড়েছে: শীর্ষে দারুন নাজাত

আপডেট : ৩০ মে ২০১৫, ২০:৩৬
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার কমলেও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার বেড়েছে। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ। বোর্ডে দুই লাখ ৫৪ হাজার ৬২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৩৩৮ জন। পরীক্ষায় পাস করেছে দুই লাখ ২৯ হাজার ৬৬৬ জন। গত বছর দাখিল পরীক্ষায় পাস করেছিলেন দুই লাখ ১১ হাজার ২০৩ জন। পাসের হার ছিল ৮৯ দশমিক ২৫। 
 
এদিকে এ বছর দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা ডেমরার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। গত বছরও মাদরাসা বোর্ডে এটি প্রথম স্থানে ছিল। দারুন নাজাত থেকে এবার ৩৬০ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণসহ মাদরাসাটি থেকে ৩০৬ জন জিপিএ ৫ পেয়েছে। 
 
দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। তৃতীয় ঢাকা যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। ফেল করেছে একজন। চতুর্থ অবস্থানে রয়েছে জামিয়া-ই-কাসমিয়া কামিল মাদরাসা নরসিংদী, পঞ্চম রংপুর সদরের সাতগরা বাইতুল মুকাররাম কামিল মাদরাসা, ষষ্ঠ নরসিংদীর জামিয়া-ই-কাসমিয়া কামিল মাদরাসা, সপ্তম রাজশাহীর আল আরকাজুল ইসলামি আস-সালাফি দাখিল মাদরাসা, অষ্টম টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা , নবম ডেমরার তামিরুল মিল্লাত কামিল মহিলা মাদরাসা ও দশম উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা।
 
মাদরাসা বোর্ডে পাসের হার গত বছরের চেয়ে কিছুটা বাড়লেও জিপিএ ৫ প্রাপ্তির হার কমেছে।  এবার দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৩৩৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৪ হাজার ১৩। গতবছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কমেছে দুই হাজার ৬৭৫টি। 
 
চলতি বছর দাখিলে সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ ও হিফজুল কোরান শাখায় মোট অংশ নেয় দুই লাখ ৫৪ হাজার ৬২২। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে দুই লাখ ২৯ হাজার ৬৬৬ জন। ফেল করেছে ২৪ হাজার ৯৫৬ জন। ২০১৪ সালে দাখিলে দুই লাখ ৩৬ হাজার ৬৩০ জন অংশ নিয়ে পাস করেছে দুই লাখ ১১ হাজার ২০৩ জন। ফেল করেছে ২৫ হাজার ৪২৭জন। গতবছরের তুলনায় এবার ফেলের সংখ্যা ৪৫১ জন কমেছে।