অনন্যা ফাউন্ডেশন আয়োজিত চার সপ্তাহব্যাপী রেডিও-টেলিভিশন সংবাদ পাঠ, প্রমিত উচ্চারণ ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক কোর্স শেষ হলো গতকাল শনিবার। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক, পাক্ষিক অনন্যার সম্পাদক ও অনন্যা ফাউন্ডেশনের সভাপতি তাসমিমা হোসেন।
তাসমিমা হোসেন বলেন, “আগামীতে আমাদের বড় পরিকল্পনা আছে। প্রশিক্ষণের স্থায়ী ব্যবস্থা করা হবে। যারা কোর্স করেছেন তাদের অভিনন্দন জানাই। আমরা প্রশিক্ষণের মাধ্যমে যদি দশটা মানুষকে তৈরি করতে পারি সেটাই আমাদের গর্ব।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামিম খান এবং এনএইচকে জাপানের প্রাক্তন ব্রডকাস্টার এমএ রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাক্ষিক অনন্যার জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু হানিফ ও ম্যানেজার (অ্যাকাউন্টস) বিষ্ণুপদ বিশ্বাস প্রমুখ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী লিপি ঘোষ ও সম্পা দাস।
অনন্যা ফাউন্ডেশনের মিলনায়তনে সংবাদ পাঠ, অনুষ্ঠান উপস্থাপনা, নিউজ রিপোর্টিংয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেন বাংলাদেশ বেতারের পরিচালক (অব) আশরাফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামীম খান, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার শামীম আরা মুন্নি ও ব্রডকাস্টার এমএ রশীদ।
