প্রথমবারের মতো ছোটপর্দায় দেখা যাবে আশির দশকের জনপ্রিয় জুটি রাজ্জাক ও কবরীকে। ‘কখনো সখনো’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন চিত্রনায়িকা কবরী। এই নাটকে অভিনয় করবেন নায়ক রাজ রাজ্জাক। এটিই কবরীর পরিচালনায় প্রথম নাটক। বড়পর্দায় রাজ্জাক-কবরী জুটির অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় রয়েছে।
মাঝে অনেকদিন এই জুটিকে দেখা যায়নি পর্দায়। তাই দর্শকদের আকর্ষণের জায়গাটা রয়েছে খানিকটা ভিন্নমাত্রায়। গত ২৫ মে নাটকটির শুটিং শুরু হয়েছে। একটি থ্রিলার ধর্মী কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। নাটকটি প্রসঙ্গে কবরী বলেন, ‘এখন দেশের চ্যানেল সংখ্যা অনেক তাই নাটকের সংখ্যাও বাড়ছে। চেষ্টা করছি দর্শকদের নজরে আসার মতো করেই নাটকটি করতে। আর রাজ্জাক ভাইয়ের সাথে অনেকদিন কাজ করা হয় না। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ ধারাবাহিক নাটকটি চ্যানেল আইতে প্রচার হতে পারে।
