ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানার বারিধারা ডিওএইচএসের নিজ বাসা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস’র আরো এক সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আবদুল্লাহ আল গালিব কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাসপোর্ট, চারটি কম্পিউটার হার্ডডিস্ক, দুটি পোর্টেবল হার্ডডিস্ক, ১০টি সিডি, ‘মেড ইন পাকিস্তান’ লেখা একটি টুপি, একটি সিপিইউ, বিভিন্ন লেখকের জিহাদের সম্পর্কিত ৪৩টি বই ও তিনটি মাসিক পত্রিকা উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।
সংবাদ সম্মেলনের শুরুতে একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। তাতে মুখোশধারী প্রায় ১০ জনকে সশস্ত্র প্রশিক্ষণ নিতে দেখা যায়। এ ভিডিও বার্তাটিও অভিযানের সময় উদ্ধার করা হয় এবং এটি ইন্টারনেটে ফেসবুক ও বিভিন্ন ব্লগে ‘আত-তাহরীদ মিডিয়া’র নামে গালিব প্রচার করেন বলে জানায় ডিবি।
উপ-কমিশনার জানান, গ্রেফতারকৃত আবদুল্লাহ আল গালিব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সহসমন্বয়ক ছিলেন। ইতোপূর্বে তিনি হিজবুত তাহরীরও সদস্য ছিলেন। বর্তমানে তিনি আইএসআইএসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গালিব বারিধারার বাসায় ইন্টারনেটের মাধ্যমে সংগঠনের প্রচার, অর্থ ও কর্মী সংগ্রহ এবং তাদের আশ্রয় ও প্রশিক্ষণ দিতেন।
পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা জানান, এ ছাড়া গালিব দেশের আইন-শৃঙ্খলা অবনতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন । ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাদের অনেক সদস্য তত্পর রয়েছে বলে জানান তিনি।
উপ-কমিশনার বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের আরো ১০ থেকে ১২ জন সদস্য নিয়ে গোপনে বৈঠক করছিলেন গালিব। তাদের নিয়ে মধ্যপ্রচ্যের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের সদস্য সংগ্রহ এবং কর্মপরিকল্পনা নির্ধারণের কাজ করেন গালিব। ডিবি পুলিশের উপসি’তি টের পেয়ে গালিবের অন্যান্য সহযোগী পালিয়ে যায়।
গালিবের গ্রামের বাড়ি যশোর জেলায়। তার পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ‘এ’ ও ‘ও’ লেভেল পর্যন্ত লেখাপড়া করেন।
এর আগে গত ২৪ মে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের দুই আইএস সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০) ইরাক ও সিরিয়া ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য।
