মেসি-নেইমার নৈপুণ্যে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সা

আপডেট : ৩১ মে ২০১৫, ১০:৩২
 
মেসির জোড়া গোলের সুবাদে কোপা দেল রের শিরোপাও ঘরে তুলল বার্সেলোনা। ট্রেবল জয়ের পথে এখন তাদের সামনে শুধু জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে জয় পেলেই ট্রেবল নিশ্চিত হবে লুইস এনরিকের শিষ্যদের।
 
শনিবার কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন লিওনেল মেসি। অন্য গোলটি আসে নেইমারে পা থেকে।
 
কাম্প নউতে ১৯ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। প্রতিপক্ষের চার জনকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার অধিনায়ক।
IMG0

৩৬তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিল তারকা নেইমার। ইভান রাকিতিচের কাছ থেকে বল পান সুয়ারেস। সামনে গোলরক্ষক থাকায় ঝুঁকি না নিয়ে বল বাড়ান নেইমারকে। ফাঁকা জালে বল পাঠানোর সহজতম কাজটি করতে কোনো ভুল করেননি অরক্ষিত নেইমার। এই গোলেই বার্সেলোনার কোপা দে রের ২৭তম শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যায়। ৭৪তম মিনিটে দানি আলভেসের পাস থেকে বল জালে পাঠিয়ে বার্সেলোনার শিরোপা জয় এক রকম নিশ্চিত করে ফেলেন মেসি। ৭৯তম মিনিটে তরুণ স্ট্রাইকার উইলিয়ামসের গোলে ব্যবধান কমায় বিলবাও।