ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখ হতে ত্রিশাল বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা। এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গত শুক্রবার রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে মানববন্ধন করে। ত্রিশাল ফুলবাড়ীয়া রাস্তা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশের দ্বিতীয় রাস্তাটি দীর্ঘদিন যাবত্ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় হাজার হাজার পথচারীর দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানায়, রাস্তাটি দিয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ এই অঞ্চলের প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ চলাচল করে। এছাড়া প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তাটি দিয়ে কয়েকশ ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন যাবত্ রাস্তাটির এমন নাজুক অবস্থা বিরাজ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আল জাবির জানান, বর্ষাকাল আসতে না আসতেই বিশ্ববিদ্যালয়ের এই রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন রাস্তাটির বেহাল দশা থাকার পরও রাস্তাটি সংস্কারের কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না ।
