পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী

আপডেট : ৩১ মে ২০১৫, ১৮:১২
 
দুই কর্মদিবস দর পতনের পর রবিবার ফের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে এসেছে পুঁজিবাজারে। উভয় বাজারে সূচক বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ৮ শতাংশ কমেছে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। আর বরাবরের মতোই শীর্ষ স্থান ধরে রেখেছে জ্বালানি খাত। জ্বালানি ও ওষুধ খাতে মোট ২৮৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪০ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে—রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) পয়েন্ট ৪২ বেড়ে ৪ হাজার ৫৮৬ দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২৬ বেড়ে ১ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮৮ কোটি ৪১ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৭০ কোটি ৩৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১১৯ বেড়ে ১৪ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৯৪ কোটি ৩৫ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ২০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দর।
 
এ দিকে, রবিবার বাজারে দর কমার শীর্ষে বিমা খাতের চারটি কোম্পানি উঠে এসেছে। কোম্পানিগুলো হচ্ছে—নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালী ইন্স্যুরেন্স এবং  সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এ ছাড়া, দর কমার ক্ষেত্রে এগিয়ে ছিল বস্ত্র খাত ও পাট খাত। আর দর বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল সেবা, ইঞ্জিনিয়ারিং এবং বিবিধ খাত।