নদীদখলদারদের প্রতি কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। রবিবার সকালে সিদ্ধিরগঞ্জে বিআইডব্লিউটিএ প্রস্তাবিত ইকোপার্কে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
নৌমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে ২০ কিলোমিটার-ব্যাপী ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ওয়াকওয়ে ও সীমানা নির্ধারণী পিলার স্থাপনের পরেও যারা নদী দখল ও ভরাটের চিন্তা করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নদী দখলদারদের কোনও ছাড় দেয়া হবে না।’
নৌমন্ত্রী জানান—সরকার কাঁচপুরে ১৫ একর জমি দখলমুক্ত করে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা করছে।
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জের প্রধান প্রকৌশলী (ড্রেজিং) এম এ মতিন, প্রধান প্রকৌশলী (সিভিল) মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, ঊর্ধ্বতন উপপরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিম রেজা প্রমুখ।
