বাদই পড়লেন চন্দরপল

আপডেট : ৩১ মে ২০১৫, ২২:৪৭
 
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো, শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল থেকে বাদ-ই পড়লেন অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের ঘোষিত দলে চন্দরপলকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে কিছুদিন আগে ১২ সদস্যের অনুশীলন স্কোয়াড ঘোষণা করেছিলো ডব্লুআইসিবি। সেই স্কোয়াডে জায়গা হয়নি চন্দরপলের। তখনই আন্দাজ করা গিয়েছিলো আসন্ন সিরিজের মূল দলে জায়গা হবে না চন্দরপলের। শেষ পর্যন্ত তাই ঘটলো। 
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে চন্দরপলকে সুযোগ দেয়নি ডব্লুআইসিবি। তাতে গুঞ্জন উঠেছে, ক্রিকেট ক্যারিয়ার শেষ চন্দরপলের। ওয়ানডে ক্যারিয়ার আগেই শেষ হয়েছিলো তার। বাকী ছিল টেস্ট। 
 
তবে অনন্য এক কীর্তি হাতছানি দিচ্ছিল চন্দরপলকে। টেস্টে আর মাত্র ৮৭ রান করতে পারলেই কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারাকে পিছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে যেতেন তিনি। কিন্তু সেটি এখন অনিশ্চিতই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪ টেস্টে ১১,৮৬৭ রান করেছেন ৪০ বছর বয়সী চন্দরপল। 
 
ঘোষিত স্কোয়াডে দু’টি নতুন মুখ রেখেছে ডব্লুআইসিবি। তারা হলেন- শেন ডোরিচ ও রাজিন্দ্রা চন্দ্রিকা। দু’জনই ব্যাটসম্যান হিসেবে পরিচিত। উইকেটের পিছনেও কাজটা ভালোই জানেন ডোরিচ। আগামী ৩ জুন থেকে ডোমিনিকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ জুন থেকে। 
 
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : দিনেশ রামদিন (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্র্যাথহোয়াইট, ড্যারেন ব্রাভো, শ্যানন গাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, ভীরাসামি পেরমল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোমে টেইলর, শেন ডরিচ ও রাজিন্দ্রা চন্দ্রিকা।