এবার ম্যাগি নুডলস পরীক্ষায় বিএসটিআই

আপডেট : ০১ জুন ২০১৫, ১০:৪০
 
ভারতের উত্তর প্রদেশে এক পরীক্ষার পর ম্যাগি নুডলসে উচ্চমাত্রার সীসা পাওয়া গেছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে পুরো দেশেই। এ খবর ছড়িয়ে পরার পর বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইও ম্যাগি নুডলসসহ বেশ কয়েকটি নুডলস পরীক্ষার উদ্যোগ নিয়েছে। যদিও পণ্যটির প্রস্তুতকারক নেসলে ইন্ডিয়া এই পরীক্ষার ফলাফল বর্জন করেছে।
 
বিএসটিআইএর মহাপরিচালক ইকরামুল হক বিবিসিকে জানান, বাংলাদেশে ম্যাগি নুডলস তৈরি করে নেসলে বাংলাদেশ। আর যেহেতু নেসলে ইন্ডিয়ার তৈরি ম্যাগি নুডলসে সীসা পাওয়া গেছে তাই ওই খবরে তারা ততটা উদ্বিগ্ন নন। তবে সতর্কতা হিসেবে ম্যাগি নুডলসসহ বেশ কয়েক প্রকারের নুডলস বাজার থেকে নিয়ে পরীক্ষা করা শুরু করেছে বিএসটিআই। কিছুদিন পরেই ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন ইকরামুল হক।
 
তিনি আরো জানান, তারা পণ্যের বিষয়ে জানতে নেসলের সাথে যোগাযোগ করেছেন এবং নেসলেও বলেছে তাদের পণ্যে ক্ষতিকারক কিছু নেই। কিন্তু ম্যাগি নুডলস পরীক্ষা করেই পণ্যে ক্ষতিকারক উপাদান আছে কি নেই সে বিষয়ে নিশ্চিত হবেন বলে জানিয়েছেন বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক।

খবর বিবিসি বাংলা অনলাইনের।