বগুড়ায় বিএনপির ২৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৬:১১

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের ২৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। শনিবার জেলা বিএনপির জরুরি সভায় তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। এর আগে শুক্রবার জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে একই সুপারিশ করা হয়।

বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই সভা হয়। সভা শেষে জেলা কমিটির পক্ষ থেকে ওই ২৭ জনের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় বিএনপির কাছে তালিকা পাঠানো হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় যাদের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন- সারিয়াকান্দির মাসুদুর রহমান হিরু মণ্ডল (উপজেলা বিএনপির সাবেক সভাপতি) বর্তমান উপজেলা চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান বিউটি বেগম (জেলা বিএনপির যুগ্ম সম্পাদক), নন্দীগ্রামের এস এম আবদুর রাফি পান্না (জেলা বিএনপির সহ-সভাপতি), ধুনটের আলীমুদ্দিন হারুন মণ্ডল (পৌর বিএনপির সভাপতি) ও আকতার আলম (উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক),শাজাহানপুরের আবুল বাশার (উপজেলা বিএনপির আহ্বায়ক) এবং গাবতলীর একিউএম ডিসেন্ট আহম্মেদ (উপজেলা বিএনপির সদস্য)। 

বহিষ্কারের সুপারিশ হওয়া অন্য ব্যক্তিরা বিভিন্ন উপজেলায় ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

এদিকে শুক্রবার জেলা যুবদলের জরুরি সভায় যে তিনজনের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয় তারা হলেন- নন্দীগ্রামের আলেকজান্ডার (উপজেলা যুবদলের সভাপতি), শাজাহানপুরের মোহাম্মদ সুলতান (উপজেলা যুবদলের সদস্য) ও কাহালুর শাহাবুদ্দিন (উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক)। এদের মধ্যে আলেকজান্ডার চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বাকি দুজন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী।

আরো পড়ুন: ছেলে এরিখকে নিয়ে রংপুরে এরশাদ

এর আগে শিবগঞ্জ উপজেলায় বিএনপি নেতা তাজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলকে বহিস্কার করা হয়েছে। এরমধ্যে মীর শাহে আলমকে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। রুবেল বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান পদে এবং তাজুল শিবগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের তা প্রত্যাহারের জন্য দল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ২৭ নেতা নির্বাচনী মাঠে রয়েছেন। জেলা বিএনপির সভায় এসব নেতাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শনিবার কেন্দ্রীয় বিএনপির নিকট তালিকা পাঠানো হয়েছে।

ইত্তেফাক/বিএএফ