কলকাতা-ঢাকা-আগরতলা রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু

আপডেট : ০১ জুন ২০১৫, ১৯:১৮
কোলকাতা-ঢাকা-আগরতলা রুটের যাত্রীবাহী বাস পরীক্ষামূলকভাবে সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ সচিব আলাপন ব্যানার্জির নেতৃত্বে প্রশাসনের ১৪ কর্মকর্তা  নিয়ে বাসটি বাংলাদেশে প্রবেশ করলে বেনাপোল চেকপোস্টে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ন সচিব  আজাহারুল ইসলাম, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, কাস্টমস অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, বন্দরের উপ পরিচালক আ. জলিল ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম।
 
ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে আগামী ৬ জুন ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকের পর বানিজ্যিকভাবে এই বাস সার্ভিস চালু হবে বলে জানান, দুদেশের কর্মকর্তারা। ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত বাস যোগাযোগ শুরু হবে।
বাসটি ঢাকার উদ্দেশ্যে বেনাপোল ছেড়ে গেছে। রাতে ঢাকায় অবস্থান করে আগামীকাল সকালে আখাউড়া হয়ে বাসটি আগরতলায় পৌছাবে।  
 
আগরতলা থেকে আসাম ঘুরে কলকাতা পৌঁছাতে প্রায় ১৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তবে বাংলাদেশের মধ্যে দিয়ে আগরতলা যেতে মাত্র ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

চুক্তি স্বাক্ষরের পরপরই ত্রিপুরার মানুষ স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে আগরতলা থেকে ঢাকা হয়ে কোলকাতা যেতে পারবেন।

কলকাতা ও আগরতলার মধ্যে সপ্তাহে তিনদিন বাস চলাচল করবে। বাসগুলো বাংলাদেশের মধ্য দিয়ে আখাউড়া সীমান্ত পার হয়ে ত্রিপুরা পৌঁছাবে।