জনপ্রশাসনে উদ্ভাবন চর্চার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা

আপডেট : ০১ জুন ২০১৫, ১৩:১২

জনপ্রশাসনে উদ্ভাবন চর্চার প্রত্যাশিত ক্ষেত্র তৈরির লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর/সংস্থার কর্তব্য নির্ধারনের লক্ষ্যে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন উক্ত দুই দফতরের সচিব মহোদয়গন। জনপ্রশাসনে গুণগত পরিবর্তন আনা এবং নাগরিক সেবায় উদ্ভাবনী সংস্কৃতি তৈরি এ সভার আলোচনার বিষয়বস্তু ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সরকার রূপকল্প ২০২১ বাস্তবায়নে জনপ্রশাসনের সক্ষমতা এবং সেবার মান বৃদ্ধি করতে নানা পদক্ষেপ নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল, পারফর্মেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের সূচনা এবং সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি এ সব পদক্ষেপের মধ্যে অন্যতম। সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জনপ্রশাসন পদক চালু করা হয়েছে।
অন্যদিকে, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সরকারি কর্মকর্তাগণের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাগনের পরীক্ষামূলক উদ্ভাবনী পাইলট প্রকল্প গ্রহণ, উদ্ভাবনী উদ্যোগের জন্য সার্ভিস ইনোভেশন ফান্ড প্রবর্তন ও সেবা পদ্ধতি সহজিকরণসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জনপ্রশাসনে উদ্ভাবনী সংস্কৃতি তৈরির লক্ষ্যে মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থা এবং জেলা ও উপজেলা পর্যায়ে সারাদেশব্যাপি প্রায় ১ হাজার ইনোভেশন টিম গঠন করা হয়েছে। এসব টিমে প্রায় ৬ হাজার কর্মকর্তা সদস্য হিসাবে কর্মরত রয়েছেন। এ সংক্রান্ত নীতি নির্ধারণের লক্ষ্যে নিয়মিত আলোচনার অংশ হিসাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সচিবেরা নিজ মন্ত্রণালয়/দপ্তরসমূহে উদ্ভাবন চর্চা, সমন্বয়, প্রতিযোগিতা, মনিটরিং ও ফলোআপ করার প্রতি গুরুত্ব দেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরীক্ষামূলক উদ্ভাবনী সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া ইনোভেশন টিমগুলোকে সক্রিয় করার লক্ষ্যে অভ্যন্তরীণ নির্দেশনা প্রদান, টিমের কার্যক্রমকে প্রতিযোগিতামূলক করা ও স্বীকৃতি প্রদান, ইনোভেশন টিমের কার্যক্রম নিয়মিতভাবে পর্যালোচনার বিষয়টি নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগুলোর সমন্বয়, মেন্টরিং, সফলতা ও ব্যর্থতা থেকে শিক্ষাগ্রহণ, ডকুমেন্টেশন এবং প্রদর্শন ইত্যাদি নিশ্চিতকরণসহ বহুবিধ বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জনাব মো: নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা। মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জনাব আবুল কালাম আজাদ। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ, মন্ত্রিপরিষদ বিভাগ ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের উর্দ্ধতন কর্মকর্তাগণ এই সভায় উপস্থিত ছিলেন।