ক্র্যাশ ডায়েটিং থেকে চুল পড়া সমস্যা

আপডেট : ২৩ জুলাই ২০২২, ২১:১১
আজকাল বহু তরুণ-তরুণী আসছেন চুল পড়া সমস্যা নিয়ে। একেবারে অবিশ্বাস্য যে স্কুলে পড়া ছেলে-মেয়েরাও আছে চুল পড়া রোগীদের তালিকায়। ১৪/১৫ বছরের ছেলে-মেয়েদের চুল পড়া সমস্যা থাকলে তা অবশ্যই উদ্বেগের কারণ হবে এটা নিঃসন্দেহে। আমি সব সময় বলে আসছি চুল পড়া কোন রোগ নয়। সাধারণত: যেসব কারণে চুল পড়ে তার মধ্যে রয়েছে বংশগত, হরমোনাল সমস্যা, কনট্রাস্পেটিভ জাতীয় ওষুধ সেবন, এন্টিবায়োটিক, ইনফেকশন, মাথার ত্বকে প্রদাহ, খুসকি, প্রবল মানসিক চাপ, লবণাক্ত ও আয়রণযুক্ত পানি এবং আকস্মিক ডায়েটিং ইত্যাদি চুল পড়ার অন্যতম কারণ।
 
এছাড়া আমি সব সময় বলে থাকি চুল পড়ার কোন স্থায়ী সমাধান নেই। চুল পড়ার কারণ শনাক্ত করে যথাযথ চিকিত্সা দেয়া গেলে অবশ্যই চুল পড়া সমস্যার উন্নতি হয়। তবে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা চুল পড়া সমস্যার চিকিত্সার ক্ষেত্রে ভুল চিকিত্সার অথবা অপ্রয়োজনীয় চিকিত্সার শিকার হন। অ্যারোমা থেরাপিস্টদের পক্ষেও চুল পড়া সমস্যার চিকিত্সার নামে চলছে এক ধরনের অপচিকিত্সা। প্রতারণার আশ্রয় নেয় অনেকে। তাই চুল পড়ার ক্ষেত্রে বুঝে শুনে চিকিত্সা নেয়া উচিত। শতকরা ৯০/৯৫ ভাগ ক্ষেত্রে চুলের সঠিক পরিচর্যার মাধ্যমে চুল পড়া সমস্যা দূর করা যায়। কোন ধরনের ওষুধের প্রয়োজন হয় না।
 
তবে ইদানীং অনেক তরুণ-তরুণী, নারী-পুরুষ শরীরের ওজন কমাতে এবং বডি স্লিম রাখতে বড় ধরনের ডায়েটিং করেন। ফলে শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টের তীব্র অভাব দেখা দেয়। শরীর দুর্বল হয়ে পড়ে। রক্ত শূন্যতা দেখা দেয় এবং মারাত্মক আকারে চুল পড়তে থাকে। তাই তীব্র ডায়েটিং করা উচিত নয়। ডায়েটিং করলে অবশ্যই শরীরের ক্যালরি ঠিক রাখতে হবে। একজন সুস্থ নারী-পুরুষের দৈনিক ২৫০০-৩০০০ ক্যালরি খাদ্য শক্তি প্রয়োজন। আর যারা ডায়েটিং করেন তাদের খাদ্য তালিকায় দৈনিক ১০০০-১২০০ কিলো ক্যালরির বেশি থাকে না। ফলে শরীরে অন্যান্য উপসর্গের পাশাপাশি চুল পড়া সমস্যা দেখা দেয়। তাই যারা ওজন কমাতে ডায়েটিং করবেন তাদের অবশ্যই প্রয়োজনীয় ক্যালরি গ্রহণ করতে হবে।
 
শুধু ডায়েটিং করলেই চুল পড়ে তাই নয়, ফাস্টফুড, টিনজাত খাবার ও কোমলপানীয় পানেও চুল পড়া সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অল্প বয়সের তরুণ-তরুণীদের চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে শাক-সবজি ও ফলমূল আহারে অনিহা এবং বিপরীতে প্রতিদিন ফাস্টফুড ও কোমলপানীয় পান করতে অভ্যস্ত হওয়া। এছাড়া শুধু চিকেন ছাড়া অন্যকোন প্রোটিন খেতে চায় না ছেলে-মেয়েরা। ফলে শরীরে প্রোটিনের অভাব দেখা দেয়। এটাও তাদের চুল পড়ার একটি বড় কারণ।
 
লেখক: চুল পড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন