সব হারিয়ে বিএনপি এখন কঠিন অসুখের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে দেখা না করে হরতাল দিয়েছে। আর এখন কঠিন অসুখের কারণে আপাতত ভারতসহ কারো বিরোধিতা করতে চায় না।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারের সঙ্গে বিএনপির আলোচনার প্রস্তাবের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য ভারত বিরোধিতা। বিএনপি আপাতত ভারত বিরোধিতা বন্ধ রেখেছে। তারা বলেছে, আপাতত তারা ভারতের বিপক্ষে কোনো কথা বলবে না। এটা হাস্যকর।’
‘মানিক মিয়া পরিষদ’ ও ‘জাতীয় গণতান্ত্রিক লীগ’ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো. ইউনুস, সাংবাদিক আজিজুল ইসলাম ভূইয়া, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
মানিক মিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বাঙালি জাতিকে লেখনির মাধ্যমে ইত্তেফাক পত্রিকা দ্বারা বাঙালি জাতীয়তাবাদে জাগরিত করেছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। আর সেই জাগরিত জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।’
