শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নগরীর এ.ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বরিশাল নগরীর সাগরদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যানজটের সৃষ্টি হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯ মার্চ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ নিয়ে শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে প্রস্তুতি সভা চলছিল। ক্রীড়া প্রতিযোগিতার শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক নেওয়ার বিষয়ে আলোচনা চলাকালে ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এনায়েত হোসেন মল্লিকের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায় ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
আরো পড়ুন: ‘লিভার ক্যান্সার প্রতিরোধ করে টমেটো’
এ খবর রবিবার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ এবং লাঞ্ছনাকারী ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবরের বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যানেজিং কমিটি বাতিলসহ নানান শ্লোগান দেয়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় শিক্ষক এনায়েত হোসেন মল্লিক শনিবার রাতে ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
