রাজধানীর মহাখালীর একটি বেসবরকারি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলীকে অপহরণ করা হয়েছে। ইতোমধ্যে তাকে উদ্ধার করার জন্য পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের দাবিকৃত টাকার ২০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়ার পরও তাকে ছেড়ে দেয়া হয়নি। এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা করেছেন।
পারিবারিক সূত্র জানায়, এ এস এম ফারহান হোসেন (২৮) ৫, মহাখালী বাণিজ্যিক এলাকার ডিএসএস সফটওয়্যার প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী। গত ১১ মে বিকালে তার প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাসায় আর ফিরে আসেননি। ১৬ মে ফারহানের বাবা সাহাদত হোসেনের মোবাইল ফোনে একজন অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায় যে তার ছেলে তাদের কাছে আছে। এজন্য মুক্তিপণের জন্য ২৫ হাজার টাকা লাগবে। একটি বিকাশ নম্বরও তাকে দেয়া হয়।
ফারহানের বাবা জানান, মুক্তিপণ দাবি করার দিনই ২০ হাজার টাকা বিকাশ নম্বরে পাঠিয়ে দেয়া হয়। এরপর থেকে অজ্ঞাত ঐ ব্যক্তির মোবাইল নম্বর ও বিকাশ নম্বর বন্ধ করে দেয়া হয়।
বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মে ফারহানের বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। মামলাটি পুলিশ তদন্ত করছে।
