তিস্তা চুক্তি না হলেও মোদীর এ সফর সফল হবে: সুরঞ্জিত

আপডেট : ০১ জুন ২০১৫, ২১:১৬
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ দফায় তিস্তা চুক্তি না হলেও মোদির এ সফর সফল হতে যাচ্ছে। কিন্তু তিস্তা চুক্তি হতেই হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন নতুন একটি মাইলফলক সৃষ্টি করবে।
 
সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত সভায় তিনি বলেন, এর মাধ্যমে ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখবে। আর এ বিষয়টি দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনীতিতে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। একই সঙ্গে এই সফরকে কেন্দ্র করে বিএনপিসহ যারা এতদিন অন্ধ ভারতবিরোধী রাজনীতি করেছেন তাদের জন্য অপূর্ব সুযোগ হলো, অতীতের ভুল স্বীকার করে রাজনীতিকে শুদ্ধ করার।
 
তিনি বলেন, বিএনপি ভারতবিরোধী রাজনৈতিক অবস্থান নিয়ে ভুল করেছে। আর রাজনীতিতে ভুল করে ভুল স্বীকার করলে তাতে কোনো লজ্জা নেই; বরং এতে রাজনীতি আরো সমৃদ্ধ হয়। আমরা এখন দুঃসময় কাটিয়ে একটি সুসময়ে এসে পৌঁছেছি।
 
‘আমরা ভারত বিরোধিতা কখনও করিনি এবং করব না’ মর্মে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনারাই বলুন এই কথাটা কি ঠিক? এর চেয়ে নির্লজ্জ মিথ্যা আর কিছু নেই।
 
সুরঞ্জিত বলেন, এবারের বাজেট সবচেয়ে বড় বাজেট। বাজেটের প্রথম কাজটি হওয়া উচিত আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এ ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকতে হবে। সুরঞ্জিত বলেন, অর্থপাচার বন্ধে আরো সুদূরপ্রসারী দৃষ্টি দিয়ে এগুতে হবে। কালো টাকা সম্পর্কে বাস্তবসম্মত অবস্থান নেওয়া জরুরি।
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. এমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সম্পাদক নারায়ণ দেবনাথ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।