ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা শচীন-সৌরভ-লহ্মণ

আপডেট : ০১ জুন ২০১৫, ২১:৪১
 
 
তিন সাবেক তারকা খেলোয়াড় শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লহ্মণকে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা প্যানেলে নিয়োগ দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরা তিনজনই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন বলে সোমবার এক বিবৃতিতে জানায় বিসিসিআই। 
 
তবে নিজের দায়িত্বটা সুনির্দিষ্টভাবে এখনো জানেন না বলে স্বীকার করেছেন গাঙ্গুলী। তবে আপাতত নিজের দুই পুরনো সতীর্থের সঙ্গে কাজ করতে পারার সংবাদেই খুশি ভারতের এই সাবেক অধিনায়ক।
 
ভারতীয় বার্তা সংস্থাকে পিটিআইকে গাঙ্গুলী বলেন, ‘মাত্রই আমি এই কমিটি সম্পর্কে জানলাম, এখনো জানি না আমার কাজটা কি হবে। এমনকি উপদেষ্টা কমিটি কি জন্য গঠিত হয়েছে সে বিষয়েও নিশ্চিত নই আমি। তবে শচীন এবং লক্ষনের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুশি।’
 
এর আগে এক বিবৃতির মাধ্যমে বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর জানান, ‘টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষণকে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা প্যানেলে তালিকাভুক্ত করেছেন বিসিসিআই’র সভাপতি জাগমোহন ডালমিয়া। ক্রিকেট সম্পর্কিত যাবতীয় কাজ করবেন তারা।’
 
বিবৃতিতে ঠাকুর আরও বলেন, ‘জাতীয় দলের উপদেষ্টা হবার জন্য এই তিনজনকে আমন্ত্রণ পাঠানো হয়েছিলো। এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন তারা তিনজনই। জাতীয় দলের উন্নতির জন্য সকল ধরনের কর্মকান্ডে লিপ্ত থাকবেন তারা। কোচ, স্টাফ নিয়োগসহ অন্যান্য সিদ্বান্তও তারা দিতে ও নিতে পারবেন। ভবিষ্যতে আরও উন্নতির জন্য তারা যেকোন ধরনের সিদ্বান্তও নিতে পারবেন।’
 
তিন সাবেক সেরা খেলোয়াড় বিসিসিআই’র আমন্ত্রণ গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাতেও ভুল করেননি অনুরাগ ঠাকুর, ‘উপদেষ্টা হবার আমন্ত্রণ গ্রহণ করায় বিসিসিআই’র পক্ষ থেকে আমি টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষণকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের মূল্যবান পরামর্শ ভারতীয় ক্রিকেটের উন্নতিতে বড় ভূমিকা রাখবে। তিন ফরম্যাটের ক্রিকেটে উন্নতির জন্য তাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি।’ 
এদিকে, একটি সূত্র জানিয়েছে— টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষণের পাশাপাশি আরেক তারকা খেলোয়াড় রাহুল দ্রাবিড়কেও উপদেষ্টা প্যানেলে রাখার প্রস্তাব দিয়েছিলো বিসিসিআই। কিন্তু তাতে সাড়া দেননি দ্রাবিড়। আবার সরাসরি নাও করেননি তিনি। বাসস/ইন্ডিয়ান এক্সপ্রেস