শারাপোভার বিদায়, ইতিহাস গড়লেন নিশিকরি

আপডেট : ০১ জুন ২০১৫, ২১:৪৫
 
শিরোপাধারি মারিয়া শারাপোভাকে বিদায় নিতে হলো ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকে। ত্রয়োদশ বাছাই লুসি সাফারোভার সামনে দাঁড়াতেই পারেননি টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই শারাপোভা। মাত্র দুই সেটেই হার মেনেছেন এই রাশিয়ান গ্ল্যামার কুইন।
 
অন্যদিকে ৮২ বছর প্রথম কোন জাপানি হিসাবে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কেই নিশিকরি। সেমিতে ওঠার লড়াইয়ে আগামীকাল তিনি খেলবেন স্বাগতিক দেশের জো উইলফ্রেড সোঙ্গার বিরুদ্ধে। শেষ ষোলোয় সোঙ্গা হারান চতুর্থ বাছাই টমাস বার্ডিচকে।
 
রাশিয়ার তেভমুরাজ গ্যাবাসভিলির বাধা টপকাতে খুব বেশি সময় লাগেনি নিশিকরির। লি নার বিদায়ের পর এশিয়ান টেনিসের সবচেয়ে বড় তারকায় পরিনত হওয়া নিশিকরি জেতেন ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে।
 
নিশিকরির আগে সর্বশেষ জাপানের জিরো সাতোহ ১৯৩১ ও ’৩৩ সালে খেলেছিলেন রোল্যা গ্যারোর কোয়ার্টার ফাইনালে। দু’বারই সেমিতে শেষ হয় তার যাত্রা। এএফপি