৬ জুন থেকে একাদশ শ্রেণীতে ভর্তি

আপডেট : ০১ জুন ২০১৫, ২৩:৫৪
 
আগামী ৬ জুন থেকে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বিগত কয়েক বছরের মত এবারও এসএসসির ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। আর ক্লাশ শুরু হবে ১ জুলাই।  সোমবার ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০১৫’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
 
নীতিমালা অনুযায়ী, ভর্তিতে আগামী ৬ থেকে ১৮ জুন পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএসে আবেদন করতে হবে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের এসএসসি এবং উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন।
 
যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন তারা ২১ জুন পর্যন্ত এই আবেদন করতে পারবেন। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ হবে ২৫ জুন।  নীতিমালা অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
 
টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা দিয়ে, সর্বোচ্চ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রমে রাখা যাবে।