পরীক্ষামূলক যাত্রায় কলকাতা ঢাকা আগরতলার বাস

আপডেট : ০২ জুন ২০১৫, ০১:৩৩

কোলকাতা-ঢাকা-আগরতলা যাত্রীবাহী বাস পরীক্ষামূলকভাবে গতকাল সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সচিব আলাপন ব্যানার্জীর নেতৃত্বে প্রশাসনের ১৪ জন কর্মকর্তা নিয়ে বাসটি বাংলাদেশে প্রবেশ করলে বেনাপোল চেকপোস্টে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  আজাহারুল ইসলাম, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, কাস্টমস অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, বন্দরের উপ পরিচালক আ: জলিল ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম।

 
ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে আগামী ৬ জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকের পর বাণিজ্যিকভাবে এই বাস সার্ভিস চালু হবে বলে জানান, দু’দেশের কর্মকর্তারা। বাসটি ঢাকার উদ্দেশ্যে বেনাপোল ছেড়ে গেছে। রাতে ঢাকায় অবস্থান করে আগামীকাল সকালে আখাউড়া হয়ে বাসটি আগরতলায় পৌঁছাবে।  
 
আগরতলা থেকে আসাম ঘুরে কলকাতা পৌঁছাতে প্রায় ১৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তবে বাংলাদেশের মধ্যে দিয়ে আগরতলা যেতে মাত্র ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।
 

চুক্তি স্বাক্ষরের পরপরই খুব কম সময়ে, সামান্য খরচেই ত্রিপুরার মানুষ আগরতলা থেকে ঢাকা হয়ে কোলকাতা যেতে পারবেন।