‘পরমব্রত না থেকে অন্য কেউ থাকলেও বিষয়টি আমার কাছে একই হতো’

আপডেট : ০২ জুন ২০১৫, ১০:৩৬

সম্প্রতি ‘চিত্রনায়িকা’ তকমাটি যুক্ত হয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নামে। ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ভাবনার। চলতি সময়ে ভাবনা শুটিং বিরতিতে আছেন। আগামী ১৬ বা ১৭ জুন থেকে আবারও শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছোটপর্দা থেকে আসা এই অভিনেত্রীকে এবার কোনো ঈদের নাটকে দেখা যাবে না।

 

ভাবনা বলেন, ‘ছোটপর্দায় কাজের প্রস্তাব অনেক ছিল। কিন্তু আমি চলচ্চিত্রে কাজ করার সময় কোনো নাটকে কাজ করবো না। আমি অন্য কোনো চরিত্রে ঢুকতে চাই না। এটা আমার প্রথম চলচ্চিত্র, তাই চাই কাজটি যেন আমাকে দর্শকদের কাছে একজন চিত্রনায়িকা হিসেবেই পরিচিতি এনে দেয়। অনেক পরিশ্রম করতে হচ্ছে এই ছবিটির জন্য। একটানা শুটিং করে ক্লান্ত হয়ে গেছি। তাই বিরতির সময়টা বিশ্রামেই থাকতে চাই।’

 

প্রথম চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে ভাবনা পেয়েছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক পরমব্রতকে। প্রথম ছবিতেই এমন একজন অভিনেতার সাথে কাজের প্রসঙ্গে ভাবনা বলেন, ‘যেহেতু আমার এটি প্রথম চলচ্চিত্র। তাই এখানে পরমব্রত না থেকে অন্য কেউ থাকলেও বিষয়টি আমার কাছে একই হতো। কিন্তু যেহেতু সে কলকাতায় ও আমাদের দেশেও বেশ জনপ্রিয় একজন অভিনেতা, তাই বাড়তি একটি ভালোলাগা তো থাকেই। পরমব্রত এখন দার্জিলিংয়ে শুটিংয়ে আছেন। সেখানে শুটিং শেষ করে আবারও আসবেন। গানের শুটিংসহ বেশ কিছু শুটিং বাকি আছে। পরমব্রত এলে সেগুলো করা হবে।’