হংকংয়ে একটি হাতব্যাগ রেকর্ড দামে বিক্রি হয়েছে। হার্মাসের নকশা করা বার্কিন ব্যাগটি দুই লাখ ২২ হাজার ৯১২ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ব্যাগটির বিশেষত্ব হলো, এটি কুমিরের চামড়া দিয়ে বানানো। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট স্বর্ণ ও হীরা।
স্থানীয় সময় সোমবার ক্রিস্টিস নিলামে তোলে গোলাপি রঙা ঐ ব্যাগটি। তবে ব্যাগটি কে কিনেছেন তার নাম প্রকাশ করেনি ঐ নিলাম প্রতিষ্ঠান।
এর আগে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে একটি নিলামে অন্য একটি বার্কিন ব্যাগ দুই লাখ তিন হাজার ১৫০ মার্কিন ডলারে বিক্রি হয়। ঐ ব্যাগটিও কুমিরের চামড়ার তৈরি ছিল।
ব্রিটিশ বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী জেন বার্কিনের নামে এই ব্যাগের নামকরণ করা হয়েছে। এই ব্যাগগুলো তার দামের জন্য বেশি পরিচিত। সূত্র: ফক্স নিউজ।
