সড়ক পথে পরিবহনে যুক্ত হচ্ছে চার দেশ: ওবায়দুল কাদের

আপডেট : ০৩ জুন ২০১৫, ১১:৩৪
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী বছর বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রীসহ পণ্য পরিবহন শুরু হবে। 
 
মঙ্গলবার সচিবালয়ে ভূটানের রাষ্ট্রদূত পেমা চদেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করেন।
 
ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার এই চার দেশের পরিবহন চালুর জন্য চুক্তি করতে ১৪ জুন ভুটানের রাজধানী থিম্পুতে সচিব পর্যায়ের বৈঠক হবে। পরদিন চার দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ‘মোটর ভেহিকল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট’ সই হবে।
 
চুক্তি সই হলে চার দেশের পারস্পরিক সুবিধার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চার দেশের মধ্যে যান চলাচলের ক্ষেত্রে কোনো পর্যায়ে কোনো মাসুল থাকবে কি না আন্তর্জাতিক বিধি অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে সেগুলো ঠিক করা হবে।
 
কাদের বলেন , প্রটোকল হতে কয়েক মাস লাগবে, আশা করছি ২০১৬ সালে আমরা নতুন যাত্রা শুরু করতে পারব। যাতায়াতে ভিসা বা ইমিগ্রেশনে আন্তর্জাতিক নিয়ম মেনে করা হবে।