ভাগ্যজোরে বেঁচে গেলেন চিত্রনায়িকা বুবলী

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৫৭

ভাগ্যজোরে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শনিবার  'পাসওয়ার্ড' ছবির শুটিংয়ে বিদ্যুতের তার পায়ে জড়িয়ে পড়লে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান বুবলী। এ সময় হাতে ও পায়ে আঘাত পান তিনি। তবে বিদ্যুতের তারে হোঁচট খাওয়ায় আরও বড় ধরণের দুর্ঘটনাও ঘটতে পারতো যা থেকে ভাগ্যের জোরে রক্ষা পেলেন তিনি।

দুর্ঘটনার বিষয়ে বুবলী জানান, 'দৃশ্যটা ছিল ডাইনিংরুম থেকে রান্নাঘরের দিকে দৌড়ে যাওয়ার। সে সময় ফ্লোরে রাখা বৈদ্যুুতিক তার পায়ের সঙ্গে জড়িয়ে যায়। নিজেকে আর সামলাতে পারেননি। হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে যাই'।

'পাসওয়ার্ড' ছবির পরিচালক মালেক আফসারী বলেন, 'কাজের প্রতি বুবলীর আগ্রহ দেখে অবাক হয়েছি। শনিবার ছবির শুটিং করতে গিয়ে তিনি আহত হয়েছেন। শুটিং স্পটেই ডাক্তার এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। দুর্ঘটনায় বুবলী হাতে ও পায়ে বেশ আঘাত পেয়েছেন। এ কারণে আমরা তার শুটিং বন্ধ করে দেই। কিন্তু তিনি তার দৃশ্যের কাজ শেষ করে তারপর বিশ্রামে যান। দৃশ্যটির জন্য পরপর তিনবার শট দেন বুবলী। তৃতীয়বার আমরা কাঙ্ক্ষিত শটটি পাই। সত্যি কাজের প্রতি বুবলীর এমন আগ্রহ দেখে আমরা অবাক হয়েছি। আজ তাকে বিশ্রামে রাখা হয়েছে। কারণ শনিবারের দুর্ঘটনায় তার হাত দিয়ে রক্ত বের হয়েছে। পায়েও বেশ আঘাত পেয়েছে। যে কারণে তার হাঁটতে সমস্যা হচ্ছিলো'।

শুটিংস্পটে ঘটা এই দুর্ঘটনার বিষয়ে পরিচালক আরও জানান, 'বুবলীর পায়ে বিদ্যুতের তার জড়িয়ে, শুটিং স্পটে বড় একটি লাইটও ছিটকে পড়ে। এ সময় শুটিং ইউনিটে আতঙ্কের সৃষ্টি হয়'।

আরও পড়ুন:  বিয়ের পর সাবেক প্রেমিকের সঙ্গে দীপিকার ছবি ভাইরাল!

উল্লেখ্য, পরিচালক মালেক আফসারীর 'পাসওয়ার্ড' ছবিতে শবনম বুবলীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। তাদের পাশাপাশি ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ইমন, ডন, অমিত হাসানসহ অনেকে।

ইত্তেফাক/জেডএইচডি