‘প্রেসক্লাবকে জাতীয়তাবাদী বা আওয়ামী হিসেবে চাই না’

আপডেট : ০২ জুন ২০১৫, ১৮:০৯
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থপনা কমিটি নিয়ে বিরোধ-বিভেদ তৈরি হয়েছে। বিভিন্ন আলোচনা হচ্ছে। আমরা শুনেছি- সেখানে আওয়ামী লীগ ও বিএনপির সাংবাদিকরা মিলে একটি কমিটি গঠন করে নির্বাচিত কমিটিকে সরিয়ে দিয়েছে। আমরা যেমন এটাকে জাতীয়তাবাদী প্রেস ক্লাব হিসেবে দেখতে চাই না, তেমনি একে আওয়ামী প্রেস ক্লাব হিসেবেও দেখতে চাই না।’
 
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, ‘নির্বাচিত কমিটিকে সরিয়ে অনির্বাচিত ব্যক্তিদের নেতৃত্বে বসানো হয়েছে। এতে আবারও প্রমাণিত হয়, সরকার জলাতঙ্ক রোগের মত ভোটাতঙ্গে ভুগছে। আমরা জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের মাধ্যমেই নেতৃত্বে দেখতে চাই।’
 
সাংবাদিকদের এক প্রশ্নে রিপন বলেন, ‘প্রেস ক্লাবের কমিটিতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যারা আছেন, তাদেরকে আমরা বিএনপির লোক বলে ভাবতে চাই না। কারণ দেশের প্রধান বিচারপতি বা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাও যখন জাতীয় নির্বাচনে ভোট দিতে যান, তখন তারাও কোনো না কোনো রাজনৈতিক দলকেই ভোট দেন। কিন্তু তা কোনো ধর্তব্যর বিষয় নয়। সাংবাদিকদের আমরা সাংবাদিক হিসেবেই দেখতে চাই। সেখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি তা তার মতাদর্শে থাকতেই পারে, কিন্তু জাতীয় প্রেস ক্লাবে যেন কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে না ওঠে।’ 
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম তোফা প্রমুখ।