উচ্চ প্রবৃদ্ধি অর্জনের অনুঘটক হিসেবে মানবসম্পদ উন্নয়নকে অধিক গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৪ জুন বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ভিন্ন আঙ্গিকের উপস্থাপনা থেকে অবশ্য অবকাঠামো, গ্যাস ও বিদ্যুতের টার্গেট অর্জনের বিষয় বাদ যাবে না।’
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরের বাজেটে ভবিষ্যতে আরো উচ্চ প্রবৃদ্ধি অর্জনে মানব সম্পদ উন্নয়নকে আরো গুরুত্ব দেয়া হবে। এ জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সেক্টরের আরো উন্নয়নের বিষয়ে প্রস্তাব থাকবে।’
আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘আগামী অর্থবছরের অগ্রাধিকার তালিকায় বিদ্যুত্ ও পরিবহনের বিষয়ও থাকবে। অবশ্য মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ মনোযোগ দেয়া হবে।’
মুহিত বলেন, ‘আসন্ন বাজেটে পদ্মা সেতু, মেট্রোরেল ও মগবাজার-মৌচাক ফ্লাইওভারের মতো চলমান বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।’
