পবিত্র শবে বরাত পালিত

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৬:৫১
 
মুসলমানদের জন্য সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত মঙ্গলবার দিবাগত রাতে পালিত হয়েছে। এই রাতে মুসলমানরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ, দোয়া, মিলাদ মাহফিলের ও ইবাদত বন্দেগি পালন করেছে।
 
শব-ই-বরাতকে ‘লাইলাতুল বারাআত’ নামে অভিহিত করা হয়। ‘লাইলাতু’ একটি আরবি শব্দ, আর ‘শব’ শব্দটি ফারসী। দুইটি শব্দের অর্থই হলো রাত। অপর পক্ষে’ ‘বারাআত’ শব্দের অর্থ হল- নাজাত, নিষ্কৃতি বা মুক্তি। এ রাতে বান্দারা মহান আল্লাহ তায়ালার নিকট থেকে মার্জনা লাভ করে থাকেন। এ কারণে এ রাতকে ‘লাইলাতুল বারাআত’ বা শব-ই-বরাত বলা হয়।
 
ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ভুলভ্রান্তি ও পরিশুদ্ধ জীবন যাপনের আশায় আল্লাহও দুয়ারে হাতে পাতেন। এই রাত উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আজকারের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আজকারের ব্যবস্থা করা হয়। এশার নামাজ দিয়ে শুরু করে ফজরের নামাযের পর আখেরি  মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় শবে বরাতের ইবাদত।
 
নামায ছাড়াও মুসলমানরা তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতেও ছুটে গেছেন কবরস্থানে। গরীবদের দান-খয়রাত ও খাবার বিতরণ করেছেন অনেকে।
 
শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শব-ই-বরাত পালিত হয়। এ ব্যাপারে কুরআন শরিফে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও হাদীস শরীফে এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত্রি নামে অভিহিত করা হয়েছে। এর পক্ষকাল পরেই আসবে রহমত বরকত নাজাতের মাহে রমজান (১৯ জুন প্রথম রোজা) । একারণে এটাকে বলা হয় রমজানের মুয়াজ্জিন।